
মাদারীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার শ্রীনদী-কালিরবাজার সড়কের আলমমীরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা বেপারী ওই এলাকার মৃত আজিমউদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মোস্তফা বেপারী। এ সময় পেছন দিক থেকে আসা মাদারীপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।