
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দেড় মাসে একই হাসপাতালে হামের উপসর্গে মোট ২২ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বয়স ছিল যথাক্রমে ৫ মাস ও ১০ মাস। তারা দুজনই ছেলে শিশু। কয়েক দিন আগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে ময়মনসিংহ অঞ্চলে শিশুদের মধ্যে হাম-এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আক্রান্ত অধিকাংশ শিশুই জ্বর, শরীরে লালচে র্যাশ এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি Expanded Programme on Immunization (ইপিআই)-এর আওতায় হামের টিকা নেওয়া অত্যন্ত জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।