
বাস মালিক সমিতির অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন, কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজতে বাধ্য হন।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী ও নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধ মীমাংসা না হওয়ায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছানোয় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।
জানা গেছে, বৈঠকে রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি দুই জেলার জেলা প্রশাসকরাও অংশ নেবেন, যাতে দ্রুত সমাধান বের করে বাস চলাচল স্বাভাবিক করা যায়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমেই চলমান সংকটের অবসান ঘটবে এবং অচিরেই রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল পুনরায় শুরু হবে।