পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে এসব বিটুমিন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জিয়ানগর থানা পুলিশের একটি দল এসআই মো. ইসমাইল হোসেন-এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এসব বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে এগুলো সেখানে পড়ে ছিল।
বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় অবস্থান করেন এবং কে বা কারা তার বাড়িতে এসব বিটুমিন রেখে গেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এর আগে গত ৪ এপ্রিল একই এলাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের সাইট থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ট্রাকচালকের তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয়দের ধারণা, সদ্য উদ্ধার হওয়া ৭৫ ব্যারেল বিটুমিনও ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
তবে সংশ্লিষ্ট ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে জানান, এ বিটুমিন সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে সাইদুর রহমান, জিয়ানগর থানার এসআই, বলেন—বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা বিটুমিন উদ্ধার করে থানায় আনা হয়েছে। মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে একাধিক ব্যক্তি বিটুমিনের মালিকানা দাবি করে যোগাযোগ করেছেন। যথাযথ কাগজপত্র যাচাইয়ের পর আদালতের মাধ্যমে প্রকৃত মালিককে তা বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠী, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায় বিটুমিন চুরির একাধিক মামলা হয়েছে। এসব মামলার বাদীরাও উদ্ধারকৃত বিটুমিনের মালিকানা দাবি করছেন বলে জানিয়েছে পুলিশ।


