ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ । ১৭ জন

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, এমপি।

শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিদ্যমান সমস্যা সরেজমিনে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে সমানভাবে কাজ করছে। হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে তিনি বলেন, নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফেরি চলাচল নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নৌপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। বাস্তব পরিস্থিতি যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এ সময় তিনি নোয়াখালীর হাতিয়ার পাশাপাশি ভোলার ইলিশা ঘাট, বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমার ঘাট এবং উলানিয়া কালীগঞ্জ ঘাটও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।