ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু, আতঙ্কে জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ । ৩০ জন

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১১ শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের তিন মাস ১৫ দিন বয়সি কন্যা আদিবা গত ২২ মার্চ হাসপাতালে ভর্তি হয়। পরে ৩০ মার্চ রাতে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বৃদ্ধি পায়।

গত সাত দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৪ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আক্রান্ত শিশুদের একটি অংশকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দুশ্চিন্তা প্রকাশ করে দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেন, “হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবার আগে সচেতন হওয়া জরুরি। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।”

অন্যদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানান, “হাম একটি ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্তদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”