ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

হাম আতঙ্কে বরগুনা, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ । ২৭ জন

বরিশাল বিভাগের বরগুনা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা ৯৮ জনের মধ্যে ১৮ জনের শরীরে হাম এবং একজনের রুবেলা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হাম সন্দেহে নতুন করে তিনজন বৃদ্ধকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাঁচি-কাশি ও স্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এই সংক্রামক রোগ। আক্রান্তদের চিকিৎসার জন্য জেলায় ৩৭টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ওপর চাপও বাড়ছে।

হাসপাতালে ভর্তি এক শিশুর অভিভাবক জানান, প্রথমে শিশুটি খুবই অসুস্থ ছিল, কিছু খেতেও পারত না এবং মুখে ক্ষত দেখা দিয়েছিল। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অন্য এক অভিভাবক জানান, জ্বর, সর্দি-কাশি ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ বলেন, প্রায় এক মাস ধরে জেলায় হামের প্রকোপ চলছে। প্রতিদিন বহির্বিভাগে অন্তত ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে আসছেন। যারা তুলনামূলক সুস্থ, তাদের বাসায় চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। আর গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তিনি আরও জানান, যেসব রোগীর শ্বাসকষ্ট বা জটিলতা দেখা দেয়, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।