ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

ডেঙ্গু ঝুঁকিতে রাজধানীর ৫৩৬ স্কুলে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ । ২৭ জন

ঈদের দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করায় ডেঙ্গুর ঝুঁকি মাথায় রেখে রাজধানীর ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘ক্লিন স্কুল, নো মশক’ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলছে, ফলে এসব ক্যাম্পাসে এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হয়েছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে সবার সচেতনতা জরুরি। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও মশামুক্ত নগর গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তিন দিনের মধ্যে ৫৩৬টি প্রতিষ্ঠান পরিষ্কার করা হবে।

এ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে তা অপসারণ ও ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশ এলাকায় লার্ভিসাইডিং ও এডালটিসাইডিং কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।