ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজ মিলছে ২৬ মার্চের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ । ২৯ জন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ সোমবার (১৬ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনের আসনের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বরাবরের মতো আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবন-এ ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে ঈদযাত্রার কোনো টিকিট ফেরত (রিফান্ড) দেওয়া হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।