ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ । ২৪ জন

দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) ঢাকার বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় তিনি বলেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে না। সভায় মন্ত্রী সংশ্লিষ্ট সংসদীয় এলাকা ভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংসদ সদস্যদের কাছে হস্তান্তরের কথাও জানান। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা নেবেন।

মন্ত্রী আরও নির্দেশ দেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও যেসব ব্যাংক লোন প্রদানে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া শ্রমিকদের অহেতুক উত্তেজিত করার অভিযোগে শ্রমিক নেতাদের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করা হবে। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে, কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে।

বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকায় ও চট্টগ্রামে ২,১২৭টি কারখানার মধ্যে ১,৯৬৪টি কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে এবং ১,৫৩৫টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে।

বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম জানান, দেশের ৮৩৪ কারখানার মধ্যে ৫১২টি কারখানা ফেব্রুয়ারির বেতন দিয়েছে এবং ৬০৪টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ কারখানা বেতন ও বোনাস পরিশোধের কারণে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ড থাকলে শ্রমিকদের বেতন-বোনাস সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব হবে।