রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতির কারণে আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সম্ভাব্য যানজট এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ডাইভারশন দেওয়া হবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে।
ডাইভারশন ও বিকল্প সড়কগুলো:
ইন্দিরা রোড → বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া এভিনিউ → বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান: সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করা হবে।
ডিএমপি জানিয়েছে, সকল প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


