ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  • অন্যান্য

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ । ১৭ জন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কয়েকটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম সীমিত থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। এতে গত ১১ দিনে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) একদিনেই চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে উড়োজাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম এখনো সীমিত পরিসরে চলছে। এর ফলে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ইনবাউন্ড (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা আরও তিনটি ফ্লাইট—একটি এরাইভাল ও দুটি ডিপার্চার—বাতিল করতে হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইট বাতিলের এই ধারা গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মঙ্গলবারের চারটি ফ্লাইটসহ গত ১১ দিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রী ও প্রবাসীরা।

তবে সংকটের মধ্যেও মঙ্গলবার বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্থবির ছিল না। এদিন বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৭টি এরাইভাল এবং ৬টি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতির আরও উন্নতি হলে দ্রুতই পূর্ণাঙ্গ ফ্লাইট শিডিউলে ফেরার আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।