
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চ চলাচলকারী ট্রেনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।
গত ৩ মার্চ শুরু হওয়া ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম আজ শেষ হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হয়েছে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চ চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, একজন যাত্রী অগ্রিম টিকিট একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।
এদিকে যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশের সমপরিমাণ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।