নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন (৩) নামে এক শিশু নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে, দুই সন্তানদের মধ্যে ছোট।
স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি চলছিল। এ সময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এতে লিমনের মাথা, নাক ও শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে।
পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


