
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেছে।
রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে রাজৈরের আলমদস্তার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি গাছবোঝাই ট্রাকের চাকা খুলে যায়। পরে চালক ট্রাকটি আলমদস্তার এলাকায় পার্কিং করেন। এ সময় আরেকটি দ্রুতগামী ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়।
ধাক্কায় ঘটনাস্থলেই ট্রাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) নিহত হন। চালক রাসেল হোসেন গুরুতর আহত হন। নিহত ও আহতরা নোয়াখালির চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা।