ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  • অন্যান্য

রেলের অগ্রিম টিকিটে রেকর্ড চাপ, আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ । ২৮ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শনিবার সবচেয়ে বেশি চেষ্টা করেছেন যাত্রীরা। টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই বাংলাদেশ রেলওয়ে-র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ব্যাপক চাপ দেখা যায়।

শনিবার (৭ মার্চ) ১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হওয়ার পর সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট পড়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন অবশিষ্ট নেই।

রেলওয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনের তুলনায় শনিবার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ছিল। সকালেই বিপুলসংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে অতিরিক্ত চাপ তৈরি হয়। তাদের ধারণা, আজ এবং আগামীকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।

এদিকে টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও তিনি টিকিট কাটতে পারেননি। টিকিট বুক করার আগেই অন্য কেউ আসনটি নিয়ে ফেলেছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

এদিকে শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।