ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ । ২২ জন

রাজধানী ঢাকা-র সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালকসহ আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে এই দুটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বের হয়েছিলেন। কেনাকাটা শেষে তারা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঈদের কেনাকাটা শেষে হারুনর রশিদ সানি পরিবারসহ সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।