ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর যোগদান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ । ২৮ জন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রথমবারের মতো যোগদান করেছেন নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধস্তন সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একইসঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসু করে তুলতে চাই।” তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন।

নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।