ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের একটি বাস মহাসড়কে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইজিবাইক দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনায় প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


