ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ । ৩০ জন

বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ডিউটিরত এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের আদাবর রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ডিউটিতে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর ইসলাম।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আহতদের উদ্ধার ও হাইওয়ে পুলিশকে সহায়তা করতে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। এ সময় স্টেশনের সামনে বগুড়া-মুখী লেনে সিগন্যাল দিয়ে যানবাহন থামানো হয়। তখন একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মিনি ট্রাকটি ফায়ার সার্ভিস স্টেশনের গেটের ভেতরে ঢুকে পড়ে এবং গেটে দায়িত্ব পালনরত ডিউটি ম্যান আহসান হাবিবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে স্টেশনের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা নুর ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাস ও মিনি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছেন।