ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ । ৩১ জন

ফরিদপুরের ভাঙা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে এলে সেটিকে সাইড দিতে গিয়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ভাঙা ফায়ার সার্ভিস ও ভাঙা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।