ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

দিনাজপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভ্যানের সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ । ৫৩ জন

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় কার্ভাড ভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল-আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের সময় মহাসড়কের দিনাজপুর অভিমুখী লেনে পণ্য বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিল। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তার সহকারী আটকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটিই জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”