
রাজশাহীতে ঢাকা-রাজশাহী রুটের ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীরা কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের কিছুটা পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে আড়ানী স্টেশনে পৌঁছালে যাত্রী ও রেলওয়ে কর্মীরা ট্রেনের একটি বগির চাকার কাছে আগুন দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে লোকোমাস্টারকে বিষয়টি জানান। পরে লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন।
খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, বগিটির চাকা আটকে যাওয়ায় ব্রেক প্যাডের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন বগির ভেতরে ছড়িয়ে পড়েনি।
বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত জানান, আগুন লাগার কারণ হিসেবে চাকা আটকে যাওয়াকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।