
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নাটিমা–মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাকিবুল হাসান আজাদ (২০)। তিনি মহেশপুর উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে রাকিবুল হাসান আজাদ মোটরসাইকেলযোগে নাটিমা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা মহেশপুর থানা ও ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।