ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ । ১৮৬ জন

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট চালানো হবে।

বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা–করাচি রুটে ফ্লাইট চলাচল করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। আর করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।