
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে। এ ঘটনায় রেলপথের কি-ম্যান জাহাঙ্গীর জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।