ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বাংলাদেশসহ ৩৮ দেশের জন্য ভিসা বন্ড চালু করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ । ১৫৫ জন

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড কর্মসূচির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (৬ জানুয়ারি) ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। নতুন এই তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ রয়েছে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বিধান আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা ও সাক্ষাৎকারের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের ভিসা বন্ড আরোপ করতে পারবেন। নির্ধারিত বন্ডের অর্থ যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে জমা দিতে হবে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা বন্ড একটি ফেরতযোগ্য জামানত। ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পেয়েও ভ্রমণ না করলে অথবা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে এই অর্থ ফেরত দেওয়া হবে। তবে কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেন অথবা যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, সে ক্ষেত্রে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হবে।

এ ছাড়া ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তিনটি বিমানবন্দর— বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গের ঝুঁকি থাকবে।

যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট কর্মসূচির মূল লক্ষ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যাওয়া ব্যক্তিদের নিরুৎসাহিত করা। বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়ম কার্যকর হলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে।