
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ নৌপথে ফেরিসার্ভিস বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, পূর্ণ লোড নিয়ে যাত্রার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাটপন্টুনে ছোট-বড় চারটি ফেরি ভিড়ে রয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরিসার্ভিস চালু করা হবে।