
বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে ওষুধ খাতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বহুজাতিক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিকেলের ৩১ প্রতিনিধি। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যাল খাতে আধুনিক ও টেকসই বিপণন কৌশল গড়ে তোলা।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেছে জাপানের অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)।
বাংলাদেশে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এওটিএস একটি জাপানি এনজিসি সংস্থা, যা বিভিন্ন দেশে প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারিত্ব বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন করে।
প্রশিক্ষণ দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২২ থেকে ২৬ সেপ্টেম্বর গাজীপুরের একটি স্বাস্থ্যসেবা প্ল্যান্টে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হবে ১৫ থেকে ১৯ অক্টোবর জাপানের টোকিওয়ের কেনশু সেন্টার এবং কানসাই কেনশু সেন্টারে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, পণ্যের মূল্য নির্ধারণ, জাপানি বাজার ও নিয়মনীতি, জেনেরিক ওষুধে উদ্ভাবনী চিন্তা এবং টেকসই ও আবেগনির্ভর মার্কেটিং কৌশল বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
জাপানের দুইজন অভিজ্ঞ বিশেষজ্ঞ এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। অংশগ্রহণকারীদের জন্য থাকছে পেশাদার দোভাষীর সেবা। জাপানে গিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করবেন। এছাড়া শতবর্ষী কোম্পানির কার্যকর বিপণন কৌশল নিয়ে কেস স্টাডি করা হবে।
শেষ দিনে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অ্যাকশন প্ল্যান উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে বিএএএস সভাপতি জাকারিউল ইসলাম বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ ও জাপানের অংশীদারিত্বকে আরও মজবুত করবে। এটি এশিয়ার স্বাস্থ্যসেবা মার্কেটিং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের এনজিসি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার মি. হিসাশি কান্দা, এওটিএসের নয়াদিল্লি অফিসের জেনারেল ম্যানেজার রিকা ইয়াদোমি, বাংলাদেশ, নেপাল ও চট্টগ্রাম চ্যাপ্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অধ্যাপক ড. একেএম মোয়াজ্জেম হোসেন, হেলথ কেয়ার সিইও হালিমুজ্জামান, উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএএএস ভাইস প্রেসিডেন্ট আপন আহসান।