ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বরগুনার সুবিধাবঞ্চিতদের জন্য নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ । ২৫৫ জন

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার উপজেলার ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চার শতাধিক রোগী চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পান।

রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং নৌ কন্টিনজেন্ট বরগুনার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করেন।

দিনব্যাপী ক্যাম্পে পাথরঘাটা ও আশপাশের এলাকার নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী রোগীদের মাঝে সাধারণ রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা গ্রহণকারীরা নৌবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

আইএসপিআর জানিয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায় মানুষের জন্য নিয়মিতভাবেই এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।