
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ছায়েদ আলী (৩৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছায়েদ আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন ছায়েদ আলী। সোমবার বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তার সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।