
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়।
এতে বাসটির চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।