
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় আলী হোসেন (৩৫) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সিংড়া ছাগলহাট থেকে ছাগল কিনে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন আলী হোসেন। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের বহনকারী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
এ সময় আজাদ, আফসার আলী ও সিরাজ নামে আরও তিন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।