
মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান আর নেই। গত ৩ জানুয়ারি ভোররাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।
আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় রাত আনুমানিক আড়াইটার দিকে আথিরা রাস্তার ডান লেন দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় আরেকজন মোটরসাইকেল আরোহী তাকে ওভারটেক করার চেষ্টা করলে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত মেডিকেল টিম ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছেই তারা আথিরাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হাত ও পায়ের বিভিন্ন অংশে আঘাত পান। বর্তমানে তিনি মালয়েশিয়ার টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
নুরুল আথিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার খাবারের দোকানে তৈরি জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও দিয়ে ব্যাপক পরিচিতি পান। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীরা গভীর শোক প্রকাশ করছেন।