ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘গডজিলা ভার্সেস কং’-এর অভিনেত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ২:৫১ বিকাল

Link Copied!

‘গডজিলা ভার্সেস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করা তরুণ অভিনেত্রী কাইলি হটল আর নেই। যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ বছর বয়সে প্রাণ হারিয়েছেন এই বাকপ্রতিবন্ধী অভিনেত্রী। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার বাবা জোশুয়া হটল।

কাইলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার শিক্ষাপ্রতিষ্ঠান টেক্সাস স্কুল ফর দ্য ডেফ। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি কাইলির পরিবার, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানায়।

সহশিল্পীরাও শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী মিলি ববি ব্রাউন সামাজিক মাধ্যমে লিখেছেন, “খবরটা শুনে আমি স্তব্ধ। তুমি আমাদের মাঝে সবসময় থাকবে।” আর সিনেমায় কাইলির দত্তক মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রেবেকা হল বলেন, “খবরটা শুনে মনটা একেবারে ভেঙে গেল। তোমার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তোমাকে আমরা খুব মিস করব।”

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমায় জিয়া নামের এক বাকপ্রতিবন্ধী এতিম শিশুর চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান কাইলি। পরে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।

নিজের প্রতিবন্ধকতাকে কখনোই সীমাবদ্ধতা হিসেবে দেখেননি কাইলি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কানে না শোনা বা ইশারায় কথা বলা কোনো বাধা নয়; এটি কেবল ভিন্ন একটি ভাষা। তিনি বিশ্বাস করতেন, অভিনয়সহ সব ক্ষেত্রেই প্রতিবন্ধী মানুষের সমান সুযোগ থাকা উচিত।

আরেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একজন বধির মানুষ হয়েও তিনি দৈত্য-দানবের সিনেমায় অভিনয় করছেন, যাতে অন্য বাকপ্রতিবন্ধী ও বধির মানুষরা অনুপ্রাণিত হন এবং বুঝতে পারেন—তাদেরও কোনো সীমাবদ্ধতা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন