
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে তিনি এ নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলে হবে না। সংক্রমণ প্রতিরোধের বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
সেমিনারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও কার্যকর ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।
ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।
অনুষ্ঠানে বিএমইউর মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন।
এ ছাড়া সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক লিং ময় লিন এবং আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের পরিচালক বিজয়া রাও সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিআইপিসিএফের সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল হাসান স্বাগত বক্তব্য দেন।