কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলক্রসিং এলাকায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে। এতে ট্রাকচালক, হেলপারসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লামুখী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ব ১৪-৮৮২১) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকের ওপর উঠে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক, হেলপার ও আরও দুই যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, নোয়াখালী রেলক্রসিং এলাকায় সড়ক বিভাজকটি ছোট ও অপর্যাপ্ত হওয়ায় সেটি দূর থেকে স্পষ্ট দেখা যায় না। ফলে প্রায়ই এখানে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানায়, একই স্থানে গত তিন মাসে বাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারসহ অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য ও গ্রীণ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ বলেন, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে এবং এখানে একটি রেলওয়ের লেভেল ক্রসিং থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দুর্ঘটনা লেগেই আছে।
তিনি আরও বলেন, দ্রুত সড়ক বিভাজকটি সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনাপ্রবণ এই রেলক্রসিং এলাকায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।


