ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

লক্ষ্মীপুরে ২ লাখ ৭৪ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ । ৩০ জন

লক্ষ্মীপুর জেলায় হামের ঝুঁকি মোকাবিলায় ২ লাখ ৭৪ হাজার ৬৪২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৯৭ হাজার ৩২৪ জন, রায়পুরে ৩৮ হাজার ৬৫২ জন, রামগঞ্জে ৪৫ হাজার ৩৮ জন, কমলনগরে ৩৪ হাজার ৮০০ জন, রামগতিতে ৪১ হাজার ৫০৫ জন এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশুকে টিকা দেওয়া হবে।

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে মোট ১১ কার্যদিবস।

জেলায় মোট ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী এবং ৪০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।

জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন শনিবার (১৮ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে ৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।