
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংকটে রোগীরা মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কিডনি, ক্যান্সার ও হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের একটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে এর জন্য বাজেটও অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা করতে না পারলেও আগামী সরকার এটা করবে। মানুষের চিকিৎসার জন্য এটা অত্যন্ত জরুরি।”
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “কোভিডে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট প্রাণ দিয়েছেন। তাদের অবদান স্মরণীয়। তবে যারা সিন্ডিকেটসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্দোলনে অনেকের হাত-পা ও চোখ নষ্ট হয়েছে, কিন্তু সিন্ডিকেটরা তা দেখেনি। দেশের পরিবর্তনের জন্য আমাদের সবার ভেতরে পরিবর্তন আসতে হবে।”
রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে নুরজাহান বেগম বলেন, “শিশু হাসপাতাল আমি দেখে যাবো, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে জনবল ও যন্ত্রপাতি দরকার। আগের সরকার এসবের কোনো পরিকল্পনা করে যায়নি। তবে এখন বিষয়টি আমাদের মাথায় আছে।”
পরিদর্শনকালে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে তিনি নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে প্রস্তাবিত নতুন হাসপাতালের স্থান পরিদর্শন করবেন।