ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

যুদ্ধের কারণে বন্ধ থাকা ফ্লাইট আবার চালু করল কাতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ । ১৫ জন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধজনিত উত্তেজনায় বন্ধ হয়ে যাওয়া বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল পুনরায় চালু করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সোমবার কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কিউসিএএ) এক ঘোষণায় জানায়, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো আবারও ফ্লাইট পরিচালনা করতে পারবে।

কিউসিএএ জানায়, সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও পরিস্থিতির ব্যাপক মূল্যায়নের পর সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অচলাবস্থার পর এই প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশটির আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হলো। ইরান-সম্পর্কিত উত্তেজনার কারণে ওই সময় আকাশসীমা বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত বা পরিবর্তন করা হয়, যার ফলে আঞ্চলিক এভিয়েশন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ও সুরক্ষা মান মেনেই সব ফ্লাইট পরিচালিত হবে এবং যাত্রী ও কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফ্লাইট পুনরায় চালুর কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বিদেশি এয়ারলাইন্স তাদের পরিষেবা শুরু করবে বলে জানানো হয়েছে।

যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ তথ্য জানার জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর-ও ধাপে ধাপে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে।