
যশোরে যাত্রীবাহী বাসের চাপায় মো. হারেজ মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ মোল্লা বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শনিবার রাতে হারেজ মোল্লা বাউলিয়া বাজার থেকে স্যালাইন কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের রাস্তা পার হওয়ার সময় নড়াইল থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।