ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ । ১০৯ জন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি চিকিৎসা সেবায় নিয়োজিত বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকান নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে পাইলটসহ আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিমানটি টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত এই চিকিৎসা পরিবহণ মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা ও যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।