ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ১১:১০ সকাল

Link Copied!

মিসরের গিজা শহরের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রেন। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় দ্বিতীয় ট্রেনটি রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকর্মীরা উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করেন। ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নিতে ঘটনাস্থলে পাঠানো হয় ভারী ক্রেন।

এ ঘটনায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে দুর্ঘটনাকবলিত এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত পেয়েছেন। এদিকে মিসরের রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের জরুরি সহায়তার পাশাপাশি মানসিক সহযোগিতা দিচ্ছে।

গিজার আল-আয়াত এলাকায় কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিসরের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এ এলাকার কাছাকাছি। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাব অনুযায়ী ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। তবে কোনো কোনো হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি।

এ ছাড়া ২০০৯ সালে একই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত হন। সর্বশেষ দুর্ঘটনার পর রোববার দেশটিতে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিসরের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত ও আহত ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা