
প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় World AMR Awareness Week বা বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সপ্তাহটি পালন করা হয়।
২০২৬ সালের প্রতিপাদ্য হচ্ছে—“One Health, One Action: Prevent AMR Now”। অর্থাৎ, এক স্বাস্থ্য, এক উদ্যোগ—এখনই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করুন।
বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সারা পৃথিবীতে একটি অত্যন্ত উদ্বেগজনক জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মাত্রা অত্যন্ত বেশি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত এবং অযৌক্তিক ব্যবহার।
আমরা অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। ফার্মেসি থেকে নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছি, সঠিক ডোজ অনুসরণ করছি না কিংবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সম্পন্ন করছি না। অথচ অ্যান্টিবায়োটিক সব ধরনের জ্বর, সর্দি-কাশি কিংবা ভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসা নয়।
এই অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে জীবাণুগুলো ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে। ফলে যে অ্যান্টিবায়োটিক একসময় কার্যকর ছিল, তা বর্তমানে অনেক ক্ষেত্রে আর কাজ করছে না।
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালেও রোগীদের নমুনা পরীক্ষায় মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যাচ্ছে। Klebsiella, Pseudomonas, Acinetobacter এবং MRSA-এর মতো গুরুত্বপূর্ণ জীবাণু একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব জীবাণুকে আমরা অনেক সময় সুপারবাগ বলে থাকি।
এর ফলে অনেক ক্ষেত্রে একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। বাড়ছে চিকিৎসার ব্যয়, হাসপাতালে থাকার সময় এবং মৃত্যুঝুঁকি।
একজন রোগী সম্পূর্ণ সুস্থ অবস্থায় কোনো অপারেশন কিংবা অন্য চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেন। কিন্তু অপারেশন-পরবর্তী সময়ে অথবা আইসিইউতে অবস্থানকালে তিনি নতুন সংক্রমণে আক্রান্ত হতে পারেন। সেই সংক্রমণ যদি মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু দ্বারা হয়, তাহলে অত্যাধুনিক চিকিৎসা ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও অনেক সময় রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।
বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের চিকিৎসাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, আমরা কীভাবে এই সংকট থেকে পরিত্রাণ পেতে পারি?
প্রথমত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না।
দ্বিতীয়ত, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক, সঠিক ডোজ এবং নির্ধারিত সময়কাল অনুসরণ করতে হবে। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক শুরু করা, পরিবর্তন করা কিংবা বন্ধ করা উচিত নয়।
তৃতীয়ত, হাসপাতালগুলোতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, হাত পরিষ্কার রাখা, অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ এবং কালচার ও সেনসিটিভিটি পরীক্ষার যথাযথ গুরুত্ব দিতে হবে।
এবারের প্রতিপাদ্য “One Health, One Action” আমাদের বিশেষভাবে মনে করিয়ে দেয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু মানুষের স্বাস্থ্যগত সমস্যা নয়। মানুষ, পশুপাখি, কৃষি এবং পরিবেশ—সবকিছুই এর সঙ্গে সম্পর্কিত।
তাই মানুষের চিকিৎসার পাশাপাশি পশুপাখির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, কৃষিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও আমাদের গুরুত্ব দিতে হবে।
সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, কৃষিবিদ, পশুচিকিৎসক এবং সাধারণ জনগণ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আমাদের মনে রাখতে হবে, আজ আমরা যদি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ না করি, তাহলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণ, ছোটখাটো অপারেশন কিংবা জীবন রক্ষাকারী চিকিৎসাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
অ্যান্টিবায়োটিক শুধু একটি ওষুধ নয়, এটি আমাদের জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ সম্পদ।
তাই আসুন, আমরা নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করি।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে আজই পদক্ষেপ নিন।
One Health, One Action: Prevent AMR Now.
অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
লেখক: ডা. উজ্জ্বল কুমার মল্লিক, সহকারী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল।