
রাজধানীর মতিঝিল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন— মো. রিপন ও সুলতান।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবন–এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবোঝাই একটি ভ্যানগাড়ি ইউটার্ন নিচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন।
পরে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত রিপন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে। অপর নিহত সুলতান শেরপুর সদর উপজেলার বেপারী বাড়ি এলাকার জমশেদ আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।