
স্বাস্থ্য ও শরীরচর্চা প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা করতে গুগল ভারতে ‘গুগল হেলথ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে। এতদিন ফিটবিট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় থাকলেও এবার আরও উন্নত ও নির্ভুল স্বাস্থ্যসেবা দিতে নিজেদের স্বাস্থ্যভিত্তিক প্রযুক্তি সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। আগামী ১৯ মে থেকে ভারতের ব্যবহারকারীরা এই প্রিমিয়াম সেবার সুবিধা নিতে পারবেন।
গুগল হেলথের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এতে গুগলের নিজস্ব জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। প্ল্যাটফর্মটি শুধু হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা কিংবা ক্যালরি খরচ পর্যবেক্ষণ করবে না, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনযাপন বিশ্লেষণ করে ব্যক্তিগত স্বাস্থ্যপরামর্শও দেবে।
ব্যবহারকারী ঠিকমতো ঘুমাচ্ছেন কি না, কোন অভ্যাস পরিবর্তন করলে স্বাস্থ্য আরও ভালো হতে পারে—এসব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ দেবে এই সেবা। পাশাপাশি এতে থাকছে ‘স্বাস্থ্য সহকারী’ সুবিধা, যা শরীরের প্রয়োজন অনুযায়ী ব্যায়াম ও খাদ্যাভ্যাস সম্পর্কিত পরামর্শ প্রদান করবে।
গুগল হেলথ ব্যবহার করতে গ্রাহকদের মাসিক কিংবা বার্ষিক চাঁদা দিতে হবে। ভারতে এর মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ রুপি এবং বার্ষিক প্যাকেজ পাওয়া যাবে ৯৯৯ রুপিতে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধার কারণে বাজারে থাকা অ্যাপলের স্বাস্থ্যসেবাভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জন্য এটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
এদিকে, গুগল একই সঙ্গে বাজারে আনছে ‘ফিটবিট এয়ার’ নামে নতুন একটি আকর্ষণীয় ফিটনেস ব্যান্ড। স্ক্রিনবিহীন এই ডিভাইসটির দাম ভারতে রাখা হয়েছে ৯ হাজার ৪০০ রুপি।
স্ক্রিন না থাকায় ব্যবহারকারীরা কোনো ধরনের নোটিফিকেশনের ঝামেলা ছাড়াই ঘুমের সময় এটি ব্যবহার করতে পারবেন। ব্যান্ডটি ঘুমের মান, হৃদস্পন্দনসহ বিভিন্ন স্বাস্থ্যতথ্য সংগ্রহ করে গুগল হেলথ অ্যাপে পাঠাবে। খুব শিগগিরই এটি ভারতের বাজারে পাওয়া যাবে।