নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) এবং তার ভাই মো. সোয়াদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় রাস্তা পার হওয়া তিনজন পথচারীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


