
মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর চালানো হয়। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর করেন কয়েকজন ব্যক্তি। একই সঙ্গে বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা।
ঘটনার পর চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।
শ্রমিক নেতারা জানান, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।