ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ১১:১৩ সকাল

Link Copied!

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রাশিয়ার আট নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী রয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় দুই গাড়ির চালক ও হেলপারসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাশিয়ার আট নাগরিক রয়েছেন।

খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতার পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন