
নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী এবং সদর উপজেলার আলাইপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ভোরে মোটরসাইকেলে করে তিন যুবক নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই ট্রাক বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরার মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাইফুল ইসলামও মারা যান। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।